‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি মারে’ বলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুবেল ওরফে ‘চোরা রুবেল’-এর বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী।
রোববার (৪ অক্টোবর) ভোলা প্রেসক্লাবের সামনে রাজাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনে তারা এ অভিযোগ করেন। মানববন্ধনে রাজাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রুবেলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রুবেলের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সম্প্রতি একটি অভিযোগের ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলেও জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, রুবেল এর আগেও একাধিক চুরি ও শিশু নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তবে জামিনে বা কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আবারও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ তাদের। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধনে সিমা বেগম নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কয়েক দিন আগে রুবেল তার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় তাকে সম্মানহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন সিমা বেগম।
এলাকাবাসী বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠার পরও যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক-ফোকর ব্যবহার করে বারবার অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও প্রশাসনের কার্যকর নজরদারি দাবি করেন তারা।
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রুবেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে রুবেল ওরফে ‘চোরা রুবেলের’ বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ




