রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান মা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা রহিম বক্স জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মাতলামি করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর করতেন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছিল।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর