শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেনীর ছাগলনাইয়ার একটি মসজিদ পরিচালনা কমিটি। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণ করায় ৩২ শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেল।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।
মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ছালেহ আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব হাজারী সবুজ, সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ সংশ্লিষ্টরা।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত জামাতে অংশগ্রহণে উৎসাহিত করা এবং মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণকারী ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহারের জন্য নির্বাচিত করা হয়।
বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায় এবং সহপাঠী ও বন্ধুদের নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয়রা মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মসজিদের সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্ততাও বাড়বে।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ ইতোমধ্যে এলাকায় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রতিনিধি/এমআর




