রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে এনসিপি নেতা তানভীর

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়।

আদালতে হাজিরা প্রক্রিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পুনরায় ঢাকার ওই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, তানভীর বর্তমানে গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসাধীন রয়েছেন।

আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, একটি প্রকাশ্য ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক মামলা করা হয়েছে। রিমান্ডে নেওয়া এবং কারাগারে থাকাকালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, এসব কারণে তানভীরের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন।

 

মামলার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তানভীরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড চলাকালে ও কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর