রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুন্দরবনের পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

শেয়ার করুন:

সুন্দরবনের পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’ এ ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণে ওই চেষ্টা পণ্ড হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে এ ঘটনা ঘটে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান শনিবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাতপরিচয় বনদস্যু দলের সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। এ সময় কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা মোবাইল ফোনে বনরক্ষীদের বিষয়টি জানান। খবর পেয়ে বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে একটি বোট নিয়ে ঘটনাস্থলের দিকে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায় তারা।

বর্তমানে ‘দি ওয়েভ-২’ জাহাজসহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকা এলাকায় অবস্থান করছে। এ দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ পর্যটক রয়েছেন বলে জানান ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার খবরটি উদ্বেগজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি।

 

তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল জোরদার করা প্রয়োজন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর