কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার জীম্বংখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—টেকনাফের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং একই এলাকার মো. আবদুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন সোহেল রানা ও মামুন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের বহন করা পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টন ইয়াবা পাওয়া যায়। গণনা করে এসব প্যাকেটে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে নিশ্চিত হয় বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক দুই যুবক ও উদ্ধার ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিনিধি/এজে




