রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মঞ্চে বিএনপি নেতার প্রশংসা, সমালোচনার মুখে ফতুল্লার ওসি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

মঞ্চে বিএনপি নেতার প্রশংসা, সমালোচনার মুখে ফতুল্লার ওসি
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওসিকে। এ বক্তব্যকে কেন্দ্র করে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৩৩ সেকেন্ডের ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, মঞ্চে উপস্থিত শহীদুল ইসলাম টিটু ‘স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন’ এবং তাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করেন। 

একই বক্তব্যে টিটুকে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবেও উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতি সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ই ওসি মাহবুব আলম শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বক্তব্য দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচকদের কেউ কেউ দাবি করছেন, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা প্রত্যাশিত। তাদের মতে, কোনো রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, বক্তব্যের আগের বা পরের অংশ এবং বক্তব্যটি কোন পরিস্থিতিতে দেওয়া হয়েছিল— এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, ‘ওসি স্যার ছুটিতে আছেন। তাকে সোমবার পাওয়া যাবে।’ ফলে এ বিষয়ে ওসির বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর