শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

জমি নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে চাচাতো ভাইদের মারধরে যুবক নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

জমি নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে চাচাতো ভাইদের মারধরে যুবক নিহত
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের পরিবারের সঙ্গে তার চাচা আবুল কালাম ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগে আমিনুল তার চাচা আবুল কালামকে মারধর করেছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। শনিবার দুপুরে ওই বিরোধের জেরে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ও তার ছেলেরা আমিনুলকে বেদম মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে নৌকায় করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর