আট বছর আগে করা একটি প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্দরকিল্লার ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের’ চাকরিরত অবস্থায় কৌশলে নগদ টাকা ও গোডাউনে থাকা প্রায় অর্ধকোটি টাকার মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদে জেলার বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমির কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ২০১৮ সালে করা একটি প্রতারণার মামলায় আমির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, নগরীর আন্দরকিল্লায় মো. জোবায়েরের মালিকানাধীন ‘মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ’-এ দীর্ঘ কয়েক বছর অফিস সহকারী হিসেবে কাজ করতেন আমির হোসেন। সে হিসেবে প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেন ও গুদামের যাবতীয় হিসাবের দায়িত্ব ন্যস্ত ছিল আমিরের ওপর। আর সেই সুযোগে প্রতিষ্ঠানে থাকা নগদ দুই লাখ টাকা ও গুদামে থাকা প্রতিষ্ঠানটির প্রায় সাড়ে ৪৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ করেন।
এ বিষয়ে মামলার বাদী ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. জোবায়ের বলেন, ২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে ২০১৮ সালের ১০ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে আমির হোসেন ও তার সহযোগী জমির হোসেন সুকৌশলে আমার বাবার স্বাক্ষর জাল করে গুদাম থেকে প্রায় ৪৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল এবং নগদ ২ লাখ টাকা আত্মসাৎ করেন।
জোবায়ের আরও বলেন, এরপর আসামিদের সাথে যোগাযোগের চেষ্টা করে হলেও তারা আমাকে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে আমি ২০১৮ সালে কোতোয়ালি থানায় একটি মামলা করি।
প্রতিনিধি/এলএ




