শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় রফিক (৪৫) ও উজ্জ্বল (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পদ্মা নদীতে একটি বাল্কহেডে করে বিদেশি মদ পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়।
এ সময় ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করার পাশাপাশি বাল্কহেডটি জব্দ এবং এর সঙ্গে থাকা রফিক ও উজ্জ্বলকে আটক করা হয়।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে একটি বাল্কহেডে করে বিদেশি মদ পরিবহনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশ কর্মকর্তা আরও বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি নদীপথে মাদক পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




