শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে বিষ প্রয়োগে কৃষকের ৩ বিঘা জমির ধান নষ্ট

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে বিষ প্রয়োগে কৃষকের ৩ বিঘা জমির ধান নষ্ট

নাটোরের লালপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ইরি-বোরো ধান আগাছানাশক বিষ প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। 

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বড়বাদকয়া মৌজায় ধানের জমিতে গিয়ে কৃষক এ দৃশ্য দেখতে পান।

ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল জানান, সকালে ধানের জমিতে গিয়ে দেখেন সবুজ ধানের ক্ষেতজুড়ে গাছগুলো হলদে হয়ে শুকিয়ে পড়ছে। অনেক জায়গায় ধানগাছ মরে গিয়ে জমি বিবর্ণ হয়ে আছে।

তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে গভীর রাতে সালাম, সেকেন্দারসহ তাদের সহযোগীরা আমার ধানের জমিতে আগাছানাশক বিষ স্প্রে করে। এতে প্রায় তিন বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমাদের সংসারের প্রধান ভরসা ফসল। এখন চরম ক্ষতির মুখে পড়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সেকেন্দার জানালেন, এই জমি আমাদের পারিবারিক সম্পত্তি। আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। মোজাম্মেল প্রভাবশালী মহলের সহায়তায় আমাদের জমি থেকে উচ্ছেদ করেছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বললেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর