ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামে এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জুনায়েদ মিয়া ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাতে জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেন। ভুলক্রমে ইজিবাইকের সঙ্গেই চাবিটি রেখে আসেন। পরে জুনায়েদ চাবি নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুনায়েদের বড় ভাই সাকিব মিয়া বলেন, ‘গাড়ি তো প্রতিদিন ওখানেই চার্জে দিই। শুক্রবার রাতেও দিয়েছিলাম, কিন্তু চাবি নিতে মনে ছিল না। পরে জুনায়েদ চাবি নিতে গেলেই দুর্ঘটনা ঘটে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
প্রতিনিধি/এএইচ




