বিএনপির ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে যশোরের লেবুতলা বাজারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
নার্গিস বেগম বলেন, আমরা (বিএনপি) অগণতান্ত্রিক ও অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গর্তের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ও গুপ্তদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে। সেই লুটপাটের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। সব সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কিন্তু বিরোধীরা সরকারকে সেই সময় দিতে চায় না।
নার্গিস বেগম বলেন, এভাবে তারা সরকারের পতন ঘটাতে চান। কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এ কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকারের জনবান্ধব নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে। যারা নির্বাচনের আগে জনগণকে বেহেশতসহ বিভিন্ন প্রলোভন দেখিয়েছিল, তারা এখন কোথায়—এ প্রশ্নও তোলেন তিনি।
নির্বাচনের পর জনগণ কোনো সমস্যায় তাদের পাশে পায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও জনগণকে নিরাপদ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিষ্কণ্টক রাখতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস, সেখানেই তা প্রতিহত করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।
বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
প্রতিনিধি/এলএ




