চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সুমেল (৩২) এবং রামচন্দ্রপুরহাট গোঠিপাড়ার আব্দুল হামিদ (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মহারাজপুরের শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় নিজেদের প্রভাব জাহির করা নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা ওদুদ মহরিল এবং সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। বেশ কিছুদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষই ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের উপস্থিতির সময় হঠাৎ দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও হামিদ আহত হন। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ওদুদ মহরিল ও জালাল মেম্বারের অনুসারীদের মধ্যে পুরানো শত্রুতার জেরে এ সহিংসতার চেষ্টা চালানো হয়। সংঘর্ষকালে ককটেল বিস্ফোরণের পর পুলিশ অভিযান চালিয়ে ১১টি অক্ষত ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ




