পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা নাদিম মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান।
এ নিয়ে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) 'চুরি হওয়া স্কুল ফিডিংয়ের ২৭ প্যাকেট দুধ ফেরত' এই শিরোনামসহ নানা শিরোনামে একাধিক গণমাধ্যমে খবর প্রচারিত হলে বিষয় সংগঠনের দৃষ্টিগোচর হয়।
পরে বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন স্বাক্ষরিত সিদ্ধান্তে নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাদিম মাহমুদ স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নাদিম মাহমুদের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২৫ সেপ্টেম্বর বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে বিদ্যালয়ে অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
বিষয়টি জানাজানি হলে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) নাদিম মাহমুদ ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন। বাকি তিন প্যাকেট দুধ খেয়ে ফেলার কথা জানান সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে নাদিম মাহমুদ জানান, তিনি ও তার দুই বন্ধু বিদ্যালয় থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। এগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল তা তারা জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে ফেরত দিয়েছেন।
এদিকে, ঘটনাটি কয়েকদিন পর শিক্ষা অফিসকে জানানোয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
প্রতিনিধি/এআরএম




