শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ২০ ইউনিটে ২৯ হাজার টাকা

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ২০ ইউনিটে ২৯ হাজার টাকা
ছবি: সংগৃহীত

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ২৯ হাজার ১৩৮ টাকা বিল পেয়েছেন এক গ্রাহক। এর আগে একই জেলায় ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বিল আসার ঘটনায় দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছিল।
 
নতুন ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫) ওই গ্রামের বাসিন্দা। সে একজন চায়ের দোকানি।

গ্রাহক বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসত। কিন্তু এবার বিলে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকা বিল করা হয়। অস্বাভাবিক এ বিল দেখে তিনি হতবাক হয়ে যান।

বাবু মোল্যা বলেন, আমার বাড়িতে সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মতো বিদ্যুৎ বিল আসে। এবার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখে আমি চিন্তিত হয়ে পড়ি। 

গত বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করতে গেলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে বিল গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা বিলটি যাচাই করে সংশোধন করে দেন।

সংশোধিত বিলে গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসের মোট বিল দেখানো হয় ৭০৫ টাকা। এর সঙ্গে বিলম্ব বিল যুক্ত হয়ে মোট পরিমাণ দাঁড়ায় ৭১২ টাকা। সংশোধিত বিলে বিল পরিশোধের শেষ তারিখ হিসেবে ৬ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম শাহিন আহসান বলেন, বিলের কাগজ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনো বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।

এর আগে মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে আরও বড় ধরনের অস্বাভাবিকতার ঘটনা আলোচনায় আসে। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়া হয়েছিল। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়।

একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর