মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে লাউয়াছড়া বনাঞ্চলের ভেতরে ট্রেনটি আটকা পড়ে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভানুগাছ স্টেশন মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের এক বগির সঙ্গে অন্য বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে একটি বগি অন্যটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা সামনে চলে যায়। অপরদিকে বগিগুলো বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন ও বগি পুনঃসংযুক্ত করার কাজ শুরু করেছে।
উদ্ধারকাজ শেষ হলে চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা করবে বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার জানান।
প্রতিনিধি/এলএ




