শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

মিঠামইনে সালিশ শুরুর আগেই দুই ইউপি সদস্যের লোকজনের সংঘর্ষ, আহত ৩০
দুই পক্ষের সংঘর্ষ চলছে। ছবি: ঢাকা মেইল

সালিশে বসার কথা ছিল বিরোধ মেটাতে। কিন্তু আলোচনা শুরুর আগেই দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগ নিয়ে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধ মীমাংসার জন্য সকালে সালিশের উদ্যোগ নেন স্থানীয়রা। এতে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিতে ইমামনগর গ্রামে যান।

তবে সালিশের আলোচনা শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ৩০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য সালিশে বসতে তিনি ইমামনগর গ্রামে যান। গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রেখেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর