যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
মো. রবিউল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, রবিউল ইসলাম শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি গোড়পাড়া কলোনীপাড়ার হাজী মো. লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানায়, গ্রেফতার রবিউল ইসলামকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




