সিলেট বিভাগে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৯৪, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৮৭ এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস




