শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা, আতঙ্কে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা, আতঙ্কে শিক্ষার্থীরা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এলজিইডির সড়ক বন্ধ করে একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। বিদ্যালয় চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে রাস্তা নির্মাণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর সুপের পাড় এলাকায় হোসেনিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নমজ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, “নমজ আলী গংরা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এলজিইডির সড়ক বন্ধ করে দিয়েছেন। পরে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির সড়কটি বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছিলেন নমজ আলী ও তার লোকজন। এ নিয়ে বিদ্যালয়ের জমি-সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার সকালে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ে এসে ভীতিকর পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হয়। বিদ্যালয় চলাকালে এ ঘটনায় তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, “বিদ্যালয়ের মাঠ দখল করে নতুন রাস্তা নির্মাণের সময় দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করায় পাঠদান ব্যাহত হবে।”

প্রধান শিক্ষক জামাল উদ্দিন আরও বলেন, “এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা না নেওয়ায় তারা বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছেন। রাস্তার ওপাশে বিদ্যালয়ের একটি ভবন রয়েছে। রাস্তা নির্মাণের কারণে ভবনটি অরক্ষিত হয়ে পড়েছে। যেকোনো সময় সেটি দখলের আশঙ্কা রয়েছে।”

আরও পড়ুন

দুর্গাপূজা ও মন্দিরের আধিপত্য নিয়ে সনাতনী-ইস্কনপন্থিদের সংঘর্ষ, আহত ৯

নবম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “এলজিইডির সড়ক দখল করে বিদ্যালয়ের মাঝ বরাবর রাস্তা নির্মাণের সময় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা থাকলে আমাদের লেখাপড়া ব্যাহত হবে। আমরা চাই, দখল হওয়া এলজিইডির সড়ক উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে নমজ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, “এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি মেনে নেওয়া যায় না। আগামী রোববার বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলজিইডির উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “সরকারি কোনো স্থাপনা দখল হলে তা উদ্ধারে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়ে থাকে। আমার কাছে সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করব।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর