শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ টিটু আকন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টিটু আকনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত শুক্কুর আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে টিটু আকনের বাড়িতে অভিযান চালায় ভেদরগঞ্জ থানা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে টিটু আকনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ আরও জানায়, টিটু আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে সাতটি মামলা রয়েছে। আগের মামলাগুলোর বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ টিটু আকনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




