বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডিসেম্বরেই বরিশালে বড় ক্রিকেটের আয়োজন

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

ডিসেম্বরেই বরিশালে বড় ক্রিকেটের আয়োজন
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম নাভীন। ছবি: ঢাকা মেইল

ডিসেম্বরে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বসছে ঘরোয়া ক্রিকেটের বড় আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন তিন ফরম্যাটের ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের টি২০ পর্ব শুরু হবে বরিশাল থেকে। ছয় দলের এ প্রতিযোগিতার সূচি অনুযায়ী ১৫ ডিসেম্বর টি২০ ম্যাচ দিয়ে আসর শুরুর কথা রয়েছে। 

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম নাভীন বলেছেন, ‘আমরা চাই বরিশালে সবচেয়ে বেশি খেলা হোক। কারণ এটি নতুন স্টেডিয়াম। আস্তে আস্তে দেশের অন্যান্য নতুন স্টেডিয়ামেও খেলা হবে। কারণ তারাও এ খেলা ডিজার্ভ করে।’

বৃহস্পতিবার দুপুরে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শাহনিয়ান তানিম নাভীন বলেন, ‘ডিসেম্বরে বরিশালের স্টেডিয়ামে দেশের ডমেস্টিকের বড় টি২০ টুর্নামেন্ট হবে। যখন তারকা খেলোয়াড়রা বরিশালে আসবেন, তখন খেলাপ্রেমীদের সংখ্যাও বাড়বে। এখান থেকে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, নতুন খেলোয়াড় তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলকে বরিশালে আনতে চাই। এখানকার সবচেয়ে বড় ইভেন্ট হবে এটা। ডিসেম্বরে আমরা বরিশালবাসীকে বড় একটি টুর্নামেন্ট গিফট করব।’

মাঠ খেলা উপযোগী হয়েছে কিনা— এমন প্রশ্নে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা কনফিডেন্ট, ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ মাঠ উপহার দিতে পারব। যাতে দ্রুত কাজ শেষ হয়, সেজন্য বিসিবি থেকে সাধ্যমতো সব সহযোগিতা করা হবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না। সামনে দুই মাস সময় আছে। এর মধ্যে আমরা আরও ভালো করব।’

তিনি বলেন, ‘যেহেতু এটি নতুন মাঠ, তাই ভুলত্রুটি হতে পারে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হবে। ভুলকে আমাদের দুর্বলতা ভাববেন না। এখন আউটফিল্ড, উইকেট ও ঘাস কাটার অল্প কিছু কাজ বাকি আছে।’

বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মাঝামাঝি টি২০ ম্যাচের বল গড়াতে পারে এ স্টেডিয়ামে। এরপর এখানে ওয়ানডে ও ফোর্থ ডে (চার দিনের) ম্যাচ হবে। ইতিমধ্যে ছয়টি দলও হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মিজানুর রহমান।

নতুন ‘ডি-থ্রি’ কাঠামোয় টি২০, ৫০ ওভারের ওয়ানডে এবং চার দিনের ক্রিকেট একই প্রতিযোগিতার আওতায় থাকবে। টি২০ পর্বের পর চার দিনের ম্যাচ এবং পরে ওয়ানডে পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ছয় দল হলো— হি ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, এসিইউমি (ACME) গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। এসব ফ্র্যাঞ্চাইজি তিন ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নেবে।

১৯৬৬ সালে নির্মিত এ স্টেডিয়ামে ২০১৯ সালে ৫৩ বছর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের যুব টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাঠটির। ২০১৯ সালের পর দীর্ঘ সময় বড় পরিসরের ক্রিকেট থেকে অনেকটাই বাইরে ছিল বরিশালের এ মাঠ। এবার ডিসেম্বরের টি২০ টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও বড় ক্রিকেট ফেরার অপেক্ষায় স্টেডিয়ামটি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর