মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন সুন্দরী (৪০) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপি এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-২৭ এর বাসিন্দা মৃত কালাম হোসেনের ছেলে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সীমান্তসংলগ্ন এলাকায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে হামিদ হোসেন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, ল্যান্ডমাইনটি আরাকান আর্মির পুঁতে রাখা।
বিস্ফোরণের পর আহত অবস্থায় তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবির টহল দল ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন কাজে অনেক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকের যাতায়াতের অভিযোগ রয়েছে। এ সময় তারা প্রায়ই স্থলমাইনের ঝুঁকিতে পড়েন। অতীতেও মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




