ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সংগ্রামখেলী গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দবাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাফি ও জান্নাত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।
প্রতিবেশী কামরুল ইসলাম মেম্বার বলেন, ‘দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস




