বরিশাল নগরীতে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা আমেনা খানম (৬৫) এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা খানমের কক্ষের পাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পান। বিষয়টি তারা বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানান। পরে রিনা বেগম আমেনার ছেলে রিফাতকে বিষয়টি জানান। রিফাত পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ গিয়ে বাসার দরজা তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। প্রায় এক বছর আগে ভাটিখানা এলাকার ওই বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তার ছেলে রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাদের বাসার দ্বিতীয় তলায় থাকতেন। তিনি একাই বসবাস করতেন। বুধবার রাতে পাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পাওয়ার পর তাকে বিষয়টি জানান। পরে তিনি আমেনার ছেলেকে খবর দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পাওয়া যায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস




