বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুরেশ্বর মাছঘাটে পদ্মার বাঁধে ফাটল, আতঙ্কে ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

সুরেশ্বর মাছঘাটে পদ্মার বাঁধে ফাটল, আতঙ্কে ব্যবসায়ীরা
সুরেশ্বর মাছঘাট। ছবি: ঢাকা মেইল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বাঁধের একটি অংশে হঠাৎ ফাটল দেখা দেওয়ার পর তা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। এতে নদী তীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাঁধের ফাটল আরও বড় হয়ে ধস নামতে পারে— এমন আশঙ্কায় সুরেশ্বর মাছঘাট এলাকার কয়েকজন ব্যবসায়ী ইতোমধ্যে দোকানপাটের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। সময়ের সঙ্গে ফাটলটি বিস্তৃত হওয়ায় পুরো এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে মাছঘাট এলাকার পদ্মার তীররক্ষা বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। সকালে আলো ফুটলে বিষয়টি স্পষ্টভাবে নজরে আসে। পরে ফাটলটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বাঁধটির স্থায়িত্ব ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও প্রকৌশলীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, সুরেশ্বর মাছঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের তথ্য পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। ফাটলের গভীরতা ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর