ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন (৪৫) ও কালীগঞ্জ পৌর ছাত্রলীগের অন্যতম সংগঠক সিজান ইসলামকে (২৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক জালাল উদ্দিন কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি খড়কিডাঙ্গা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে। অপরদিকে সিজান ইসলাম কালীগঞ্জ পৌর ছাত্রলীগের অন্যতম সংগঠক। তিনি শহরের আড়পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের আটক করা হয়। মামলাটির তদন্তে নাম আসায় তাদের আটক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




