কুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার সদরপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরপুর মাদরাসার সামনে একটি পাখিভ্যানের এক্সেল ভেঙে সেটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।
দুর্ঘটনায় ভানুমতির মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভ্যানচালক কামরুল ইসলাম।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এমআর




