ফেনী সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে অবস্থান নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করে। সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে গাড়িবহর সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা পার হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান। কোথাও কোথাও গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপির নেতারা ও জনপ্রতিনিধিরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করেন। সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বন্দর উপজেলার মদনপুর এলাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আজ আড়াইহাজারের জনগণ যেভাবে এখানে এসেছে, তাতে আবারও প্রমাণ হয়েছে, আড়াইহাজারের মাটি বিএনপির ঘাঁটি, আড়াইহাজারের মাটি তারেক রহমানের ঘাঁটি।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান আমাদের নেতা, অভিভাবক। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে আপনাদের পাশে আছি। আজ আড়াইহাজারের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এই মদনপুরে এসেছে।’
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এই আসনটি আড়াইহাজার থেকে অনেক দূরে। মদনপুর, বন্দর, এরপর সোনারগাঁ পেরিয়ে আড়াইহাজার। কিন্তু আড়াইহাজারের জনগণ তারেক রহমানকে ভালোবাসে। তারা তারেক রহমানের সাচ্চা সৈনিক। ফ্যাসিস্ট আমলে আড়াইহাজারের জনগণ তা বারবার প্রমাণ করেছে।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম ফেনী সফর। বৃহস্পতিবার দিনব্যাপী সফরে তিনি ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
প্রতিনিধি/এসএস




