পিরোজপুরের জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর মোল্লা (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মোল্লা ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মোল্লা একই এলাকার ফরিদ শিকদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বুধবার সকালে তিনি ওই বাড়ির বাথরুমের ছাদের সিলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান।
স্থানীয়দের অভিযোগ, বাথরুমের ছাদের ওপর দিয়ে অনুমোদনহীন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। ওই তারের পাইপে ছিদ্র থাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ির মালিক ফরিদ শিকদার পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে ভবন নির্মাণ করেছেন। বিদ্যুৎ লাইন অপসারণের জন্য আগে লিখিত আবেদন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।
ঘটনার পর থেকে বাড়ির মালিক ফরিদ শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে




