বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে পুলিশকে চ্যালেঞ্জ, ডোপ টেস্টে ২ মাদকসেবীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে পুলিশকে চ্যালেঞ্জ, ডোপ টেস্টে ২ মাদকসেবীর কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবী। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে তর্কে জড়িয়ে ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলাম রাব্বী (৩০) ও সাদ্দাম হোসেন (৩২) নামে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে আদালত।

কালীগঞ্জ থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার আজগর আলীর ছেলে সিরাজুল ইসলাম রাব্বী এবং ঢাকাপাড়া এলাকার সিরাজুলের ছেলে সাদ্দাম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরদিন মঙ্গলবার সকালে আটকদের পরিবারের সদস্যরা থানায় এসে দাবি করেন, তারা কোনো ধরনের মাদক সেবনের সাথে জড়িত নন এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিরসনে পুলিশ তাদের ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মঙ্গলবার দুপুরে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় গাঁজা, ইয়াবা ও ঘুমের ওষুধ সেবনের আলামত পজিটিভ আসে।

পরে বিকেলে ডোপ টেস্টের ফলাফলসহ তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়। আটক সিরাজুল ইসলাম রাব্বীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অপরদিকে সাদ্দাম হোসেনকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আদালতের রায়ের পর তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, গ্রেফতারদের পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডা নিরসনের জন্যই ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় আদালত আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কারাগারে পাঠিয়েছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর