বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বৃহস্পতিবার ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

বৃহস্পতিবার ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণ ও মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কৃষি, সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ওই মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখার কথা রয়েছে।

এর আগে দুপুরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ, ফুলগাজীতে জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ জানান, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। তারমধ্যে ১০১২ জন সমাবেশে উপস্থিত থাকার কথা, ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নেবেন।

ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মহিলা প্রধানগণকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তারা সমাবেশে উপস্থিত থাকার কথা, তাদের মধ্যে ১০জন প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড গ্রহণ করবেন। বাকিদের কার্ডের টাকা তাদের মোবাইল ফোনে চলে যাবে।

ফেনীর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলায় ২৭৫ জন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমসহ ধর্মীয় উপসনালয়ের ব্যক্তিকে মনোনয়ন করা হয়েছে। তাদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এবং ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মানী গ্রহণ করবেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর