গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী স্বার্থরক্ষা করার জন্য ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে ছিল, আমরা যেভাবে পড়াশোনা করে আসছি সেভাবে নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সরকারি কাউখালী কলেজের অডিটোরিয়ামে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৪০ জন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, শিক্ষার্থীরা যেন ভালো রেজাল্ট করতে পারে এজন্য আপনারা শিক্ষকরা যারা দায়িত্বে আছেন আপনাদের অবশ্যই ভালো করে গুরুত্ব দিতে হবে। দায়িত্ববোধ শুধু সরকারের না, দায়িত্ববোধ প্রতিটি নাগরিকের এবং শিক্ষকদের আরও বেশি দ্বায়িত্ব। শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে।
তিনি বলেন, ভালো মানুষ হতে হলে তার ভিতরে দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। শিক্ষার্থীদের অটো পাশ দিয়ে শিক্ষার মান নষ্ট করা হয়েছে। শিক্ষার মান পুনরায় ফিরিয়ে আনতে আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে। আজকে নবীনবরণ অনুষ্ঠানে যে সব শিক্ষার্থী উপস্থিত রয়েছে সবাইকে ভালো মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/ এজে




