পটুয়াখালীর কলাপড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ অজানা রোগে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া।
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে মোর্শেদা বেগম (৪০) নামের এক আয়াসহ কয়েকজনও অসুস্থ হয়ে পড়েন।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝিমঝিম করা, পেটে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণ পর অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও একইভাবে লক্ষণ দেখা দিতে থাকে। একে একে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢলে পড়ে। অসুস্থদের মধ্যে সিংহভাগই ছাত্রী।
পরিস্থিতি বেগতিক দেখে দুপুর সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ ২০ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশাপাশি বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অনেককে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঠদান চলাকালীন একের পর এক শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারুক মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা ‘মাশ সাইকোজেনিক ইলনেস’ বা ‘সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’ (Mass Psychogenic Illness)-এ আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদের নিয়ে ভয়ের কিছু নেই, বর্তমানে সব শিক্ষার্থীই চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত রয়েছে।
প্রতিনিধি/ এজে




