বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণ নয়, জনগণের মেধা ও মানবসম্পদকে গড়ে তোলা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদে বিনিয়োগ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, ভারতের আধিপত্যের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে দুর্বল রাখা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশ মেধাবী তরুণদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে। অথচ বাংলাদেশে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় দক্ষ করে গড়ে তোলার পর্যাপ্ত পরিকল্পনা নেই। মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বড় আকারের সরকারি বৃত্তি চালু এবং পড়াশোনা শেষে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএসের মৌখিক পরীক্ষায় দলীয় বিবেচনায় নম্বর দেওয়ার মাধ্যমে বৈষম্য করা হয়েছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই ইংরেজি, আইইএলটিএস, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও যোগাযোগ দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।
কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, মহানগর সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন। কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কাসেম অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে, সকাল সাড়ে ৮টায় খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নূরুল ইসলাম সাদ্দাম।
সেখানে তিনি বলেন, দেশে শিক্ষার হার বাড়লেও দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কমেনি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের নৈতিকতা নিশ্চিত করতে পারে না। শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, শিক্ষা খাতে বরাদ্দের একটি বড় অংশ দুর্নীতির কারণে যথাযথভাবে ব্যবহার হয় না।
দুই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা অর্জন, সময়ের সদ্ব্যবহার ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিএল কলেজের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিনিধি/ এজে




