বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রাথমিকে নিয়োগ না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ২২ শিক্ষকের অনশন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

প্রাথমিকে নিয়োগ না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ২২ শিক্ষকের অনশন
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে কাফনের কাপড় বিছিয়ে অনশনরত শিক্ষকরা।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে কাফনের কাপড় বিছিয়ে অনশন শুরু করেছেন ২২ নিয়োগপ্রত্যাশী শিক্ষক। চূড়ান্ত নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তারা।

অনশনকারীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ময়মনসিংহ জেলায় মোট ২৫৯ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে আরও দুজন নিয়োগপত্র পেলেও একই নিয়োগ প্রক্রিয়ার ২২ জন এখনো নিয়োগপত্র পাননি।

তাদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম এগিয়ে গেলেও ময়মনসিংহের ২২ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। কেন তাদের নিয়োগ স্থগিত রাখা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহ জেলায় ২৫৯ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এর মধ্যে প্রথম ধাপে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে আরও দুজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। কিন্তু তারা ২২ জন এখনো বাদ পড়ে আছেন। কেন বাদ পড়েছেন, সেটাও জানানো হচ্ছে না।

প্রাথমিকে নিয়োগ না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ২২ শিক্ষকের অনশন

মোশাররফ হোসেন বলেন, আজকের মধ্যেই তারা নিয়োগপত্র চান। নিয়োগপত্র ছাড়া কেউ সেখান থেকে বের হবেন না। নিয়োগপত্র দেওয়া না হলে সেখানেই অনশন চালিয়ে যাবেন। কাফনের কাপড় নিয়ে এসেছেন। না খেয়ে মরবেন, তবু নিয়োগপত্র ছাড়া ফিরবেন না।

অনশনকারী হামিদা আক্তার বলেন, ২১৯ জন নিয়োগপত্র পেয়েছেন। তারা ২২ জন এখনো নিয়োগপত্র পাননি। কেন তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, সেটাও জানানো হয়নি। তারা অন্যদের সঙ্গে বিদ্যালয়ে যোগ দিতে চান। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত সেখান থেকে বাড়ি ফিরবেন না।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় মোট ২৫৯ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ স্থগিত রয়েছে।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিয়োগ স্থগিত রাখা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে স্থানীয়, জেলা, উপজেলা, বিভাগীয় কিংবা অধিদপ্তর পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। মন্ত্রণালয় থেকে পরবর্তী সময়ে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত পরিবর্তন করে পাঠানো হলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় বর্তমানে যে সিদ্ধান্ত রয়েছে, সেটিই বহাল থাকবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, অনশনকারীদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে। তাদের যে ক্ষমতা ও সুযোগ দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। বিষয়টি জাতীয় পর্যায়েও অবগত রয়েছে। সচিব, মহাপরিচালক ও মন্ত্রীও বিষয়টি জানেন।

২২ জনকে কেন বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়েছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, এটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। গোয়েন্দা প্রতিবেদন গোপনীয়, এমনকি অত্যন্ত গোপনীয় হিসেবে সংরক্ষিত থাকে। তাই তাদের বিরুদ্ধে কী ধরনের সংশ্লিষ্টতার কথা প্রতিবেদনে বলা হয়েছে, তা জানা বা প্রকাশ করার সুযোগ নেই।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর