বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালত। মামলায় অন্য ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন— মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি, আনোয়ার হোসেন। এর মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের ফেক আইডি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া ৯ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া। তিনি বলেন, পরিবারের সবার সামনে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস করবে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর