কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা পুলিশ, বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এ অভিযান পরিচালনা করে ৩৭৯ জনকে আটক করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন চিহ্নিত বখাটেদের আড্ডাস্থলে এই অভিযান চালানো হয়। এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন এবং তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতের ৩৭৯ জনসহ সাম্প্রতিক চার দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




