নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ১৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান চালানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেফতার এবং ২৪ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় নয়জন, চরজব্বর থানায় সাতজন, সোনাইমুড়ী থানায় পাঁচজন এবং কবিরহাট থানায় পাঁচজনকে আটক করে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এ ছাড়া হাতিয়া থানায় ৬৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং সমাজে শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতেই এ অভিযান চালানো হয়েছে।
তিনি জানান, আটক ১৬৩ জনের মধ্যে দুজনকে আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেখা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি অপরাধপ্রবণতা রোধে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




