হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেপ্টেম্বরের শেষেই দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। ভোর থেকে হালকা হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা। এতে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে শীতের আগমনী অনুভূতি। তবে বাংলা ক্যালেন্ডারের হিসাবে শীতকাল আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সেপ্টেম্বরের শেষ দিকে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। ঘন কুয়াশার কারণে সড়কে কয়েক গজ দূরের কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে সকালের দিকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা নুরে আলম সিদ্দিকী বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছিল না। হিমেল বাতাসের কারণে অনেকেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়েছেন।
_20260930_083008836.jpg)
স্থানীয় কৃষকরাও জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের আগমনী আবহ স্পষ্ট হয়ে উঠছে। মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের কারণে সম্প্রতি পঞ্চগড় অঞ্চলে ভোরে এমন কুয়াশা দেখা যাচ্ছে।
এদিকে, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ার প্রকৃতিতে শীতের আবহ ফুটে উঠলেও দিনের বেলায় সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসছে পরিবেশ।
প্রতিনিধি/টিবি




