নাটোরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বনপাড়া পৌর বাজারের প্রধান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দল সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার বিকেলে বনপাড়া বাজারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে দেখতে পেয়ে আটক করেন বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বনপাড়া পৌর ছাত্রদলের নেতারা জানান, আওয়ামী সরকারের আমলের বিভিন্ন অপকর্ম ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ দলটির রাজনৈতিক কার্যক্রম চালাতে চেয়েছিল আটক ছাত্রলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক রুবেল রানাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না তা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর




