বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তাবলিগে এসে আর বাড়ি ফেরা হলো না সিরাজের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

তাবলিগে এসে আর বাড়ি ফেরা হলো না সিরাজের
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

তাবলিগ জামাতের ৪০ দিনের চিল্লায় অংশ নিতে ময়মনসিংহ থেকে ফেনীর ছাগলনাইয়ায় এসেছিলেন সিরাজ মিয়া (৪০)। ১৩ সদস্যের দলের সঙ্গে গত ১৬ সেপ্টেম্বর ফেনীতে আসা কৃষক সিরাজের আর বাড়ি ফেরা হলো না। মঙ্গলবার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পৌরসভার মাস্টারপাড়া রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত সিরাজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আহত তাবলিগ জামাতের সাথী নুর ইসলাম জানান, তারা ছৈতলা থেকে সিএনজি অটোরিকশাযোগে বাজার করার জন্য ছাগলনাইয়া যাচ্ছিলেন। পথে মাস্টারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিরাজ মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার অপর তিন যাত্রীও আহত হন। পরে আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জানান, হাসপাতালে আনার আগেই সিরাজ মিয়ার মৃত্যু হয়। তার পায়ে গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই রুবেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর