এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউট গ্রামের মো. তোফায়েল মিয়ার ছেলে চালক মো. রাব্বী (২৬) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের মো. শওকত মিয়ার ছেলে মো. নুরুল হক (৪০)।
এসআরবি-৯ সূত্র জানায়, ভোর সকালে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকারযোগে সিলেটের দিকে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবির অভিযানিক দলটি শায়েস্তাগঞ্জের অলিপুর রেল ক্রসিংয়ের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনাকালে একটি প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামানো হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে নেমে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক মো. রাব্বী ও মো. নুরুল হক জানায়, তাদের হেফাজতে গাঁজা ও বিদেশি মদ রয়েছে। তাৎক্ষণিক তাদের দেখানো মতে, প্রাইভেটকারের ভেতরে বিভিন্ন স্থান থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০টি পোটলা থেকে ২০ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ এবং প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিষ্টাব্দ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




