মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৯ দিন পর দেখা মিললো নারায়ণগঞ্জ বন্দরের সেই কুমিরটির

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

৯ দিন পর দেখা মিললো নারায়ণগঞ্জ বন্দরের সেই কুমিরটির

৯দিন পর দেখা মিলেছে নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে ঢুকে পড়া সেই কুমিরটির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার সাব্দী এলাকার ব্রহ্মপুত্র নদে কুমিরটি দেখা গেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। এতে নদী ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়দের পাঠানো একটি ভিডিও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের কাছে পৌঁছালেও সেটি দেখে কুমিরটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের ধারণা, কুমিরটি লোকালয় থেকে সরে গিয়ে সাব্দী নদে অবস্থান করছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, লোকালয়ে যে কুমিরটি দেখা গিয়েছিল, সেটি আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী পর্যবেক্ষণ করছি। স্থানীয় জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুমিরটি লোকালয় থেকে সরে গিয়ে সর্বশেষ মঙ্গলবার সাবদী নদে দেখা গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, আমরা সময় সময় ঢাকার বন্যপ্রাণী ইউনিটকে বিষয়টি জানাচ্ছি এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তর ও বন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কুমিরটি কোনো নির্দিষ্ট স্থানে পাওয়া গেলে সেটিকে উদ্ধার করে সংশ্লিষ্টদের হেফাজতে দেওয়ার ব্যবস্থা করব।

উদ্ধার অভিযান প্রসঙ্গে ইউএনও বলেন, ইতঃপূর্বে আমরা উদ্ধার অভিযান চালিয়েছি। দুই-তিনটি অভিযান করেছি। কিন্তু কোনো নির্দিষ্ট বা সীমাবদ্ধ এলাকায় কুমিরটিকে পাওয়া যায়নি। এ কারণে আমরা সফল হতে পারিনি।

তিনি বলেন, একজন স্থানীয় ব্যক্তি আমাকে ফোন করে একটি ভিডিও পাঠিয়েছেন। ভিডিওটি দেখে আমি খুব নিশ্চিত হতে পারছি না, যেহেতু আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম না। তবে স্থানীয় আরও দু-একজন জানিয়েছেন, কুমিরটি সর্বশেষ সাবদী নদে দেখা গেছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে বন্দরের তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটির দেখা মেলে। পরে লোকালয়ে কুমিরটির চলাচলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরদিন বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরটির উপস্থিতি নিশ্চিত করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর