ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলাটি করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাতিরা গ্রামে। সম্প্রতি সে নানার বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার বিকেলে বাড়ির পেছনে পাতা কুড়াতে গেলে একই গ্রামের রফিকের ছেলে সাব্বির (১৭) তাকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সাব্বির পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটির নানা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




