গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭০ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২০১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন এবং অন্যান্য হাসপাতালে আরও ৯ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন ৬২৩ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৬ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৯৬ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে নিশ্চিত রোগীদের মধ্যে দুইজন রুবেলা রোগী রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন।
প্রতিনিধি/এলএ




