‘জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হটানো যবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করতে এবং ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন জনগণের ভালো থাকার জন্য কাজ করে। অতীতে গণতন্ত্র যখন হোঁচট খেয়েছে, তখন বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে।
মন্ত্রী বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হয়েছে। বর্তমানে জনগণের ভোট নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন- তা কখনো সফল হবে না।
চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার খাল ও জলাশয়গুলো পর্যায়ক্রমে খননের উদ্যোগ নেওয়া হবে। এসব জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতেও সহায়তা দেওয়া হবে।
এরপরে বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন এবং মান নিয়ন্ত্রণ জোরদারকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, সহজ শর্তে ও স্বল্প সুদে খামারিদের ঋণ দেওয়া হবে। যাতে তারা অল্প খরচে উৎপাদন করতে পারে এবং ভোক্তারা কম টাকায় ডিম, দুধ, মাংস কিনতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে। অষ্ট্রেলিয়া থেকে ঘাস আনা হয়েছে এবং ৮৫০ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে তারা কম খরচে গোখাদ্য উৎপাদন করতে পারে।
প্রতিনিধি/এলএ




