রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের মাচালং এলাকার চাইল্যাতলীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সঞ্জিতা ত্রিপুরা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চাইল্যাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতার বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। চিকিৎসার পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবারের গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংঘাতের মধ্যে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস




