দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফেরার পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।
নাঈমুজ্জামান নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান বলেন, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িতে ফেরেন। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি আরও বলেন, গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস




